পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিজেপির দুই নির্বাচিত সদস্য তৃণমূলে
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনের মুখে মালদা বিধানসভা কেন্দ্রে ভাজপায় ভাঙন। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিজেপির দুই নির্বাচিত সদস্য তৃণমূলে যোগদান করলেন। নির্বাচনের আগে পঞ্চায়েত সমিতির বিজেপির দুই নির্বাচিত সদস্য তৃণমূলে যোগদান করায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। যোগদানকারীদের মধ্যে একজন আদিবাসী নেতা রয়েছেন। বুধবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন এলাকার তৃণমূলের দলীয় কার্যালয় নূর ম্যানশন ভবনে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর , পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি, দলের মুখপাত্র সুমনা আগারওয়াল সহ অন্যান্য নেতৃত্ব। যদিও বিজেপি ছেড়ে যাওয়া ওই দুই পঞ্চায়েত সমিতির সদস্যদের সম্পর্কে কোন কিছুই জানেন না বিজেপির জেলা নেতৃত্ব। দলের জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল বলেছেন, এই সম্পর্কে আমার কিছু জানা নেই। কাজেই এবিষয়ে কিছু বলতে পারব না।
এদিন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিজেপি ছেড়ে আসা দুই সদস্য সুশান্ত কুন্ডু এবং রবি মুর্মুর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর । তিনি বলেন, দলের এক পঞ্চায়েত সদস্যকে স্থানীয় বিজেপি নেতৃত্ব ভুল বুঝিয়ে তাদের দলে টেনে নিয়ে গেছিলেন। আরেকজন পঞ্চায়েত সদস্য তিনি বিজেপির হয়ে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তারা ওই দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এদিন তৃণমূলে যোগদান করেছেন ।
মুখ্যমন্ত্রীর আদর্শ নীতিকে সামনে রেখেই তারা এখন তৃণমূলের হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। পঞ্চায়েত সমিতি দুই নির্বাচিত সদস্যকে আমরা দলে সাদরে আমন্ত্রণ জানিয়েছি। তৃণমূল সাংসদ মৌসুম নূর আরও জানিয়েছেন, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি মোট আসন সংখ্যা ১৮। এই দুই সদস্য যোগ দানের ফলে তৃণমূলের আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০। বিজেপির ৮। কাজেই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকলো।

Post a Comment